দেশের বাজারে এনওয়াওয়ের নতুন ২ ইভি বাইক
দেশের বাজারে নতুন দুটি মডেলের ইলেকট্রিক বাইক (ইভি) উন্মোচন করেছে এনওয়াও। একই সঙ্গে গাজীপুরে দিনব্যাপী ‘বাংলাদেশ ইলেকট্রিক ভেহিক্যাল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৬’ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। নতুন মডেল দুটি হলো সিপিএক্স ও ভি১১। মডেল ও সংস্করণভেদে প্রতিষ্ঠানটির ইলেকট্রিক বাইকের দাম ৫৫ হাজার থেকে ৪ লাখ ১০ হাজার টাকা।
আজে (২৮ নভেম্বর) গাজীপুরের টঙ্গী-পূবাইলের মীরের বাজার এলাকার হাজারী কটেজ অ্যান্ড রিসোর্টে প্রদর্শনী ও উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনওয়াওয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাং ইয়ংকাং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াও বাংলাদেশের চেয়ারম্যান কাং লি। এ ছাড়া প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াজুল ইসলাম, ডিলার, ব্যবসায়িক অংশীদার ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রদর্শনীতে এনওয়াওয়ের পাঁচটি মডেলের ইলেকট্রিক বাইক ও স্কুটার দেখানো হয়। মডেলগুলো হলো জিবি-২, টিকে-১০, এসই, সিপিএক্স ও ভি১১। এর মধ্যে সিপিএক্স ও ভি১১ নতুন মডেল হিসেবে উন্মোচন করা হয়েছে। পাশাপাশি আসন্ন চালানে জিবি-৩ ও ডব্লিউএসপি নামে আরও দুটি মডেল দেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে এনওয়াও জানায়, ক্রেতাদের জন্য প্রতিটি বাইকের মোটর ও ফ্রেমসহ ২৮টি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে লিখিত ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। কন্ট্রোলার ও চার্জারে দুই বছর এবং ২৪টি অ্যাকসেসরিজে ছয় থেকে ১২ মাসের ওয়ারেন্টি রয়েছে। ব্যাটারির ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মেরামত ও পরিবর্তনের সুবিধা পাওয়া যাবে।
এ ছাড়া অনুমোদিত সার্ভিস সেন্টারে আজীবন বিনা মূল্যে সার্ভিসিং, ১৫ কিলোমিটার এলাকার মধ্যে বাসায় গিয়ে ও ঘটনাস্থলে সেবা এবং ২৪ ঘণ্টার মধ্যে আঞ্চলিক সেবা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আয়োজকদের ভাষ্যানুযায়ী, পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থার প্রসার এবং ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ খুলশীতে প্রতিষ্ঠানটির করপোরেট প্রধান কার্যালয়, রংপুরের আলমনগরে কেন্দ্রীয় থ্রি-এস হাব এবং বগুড়ার সূত্রাপুরে আঞ্চলিক শাখা থেকে বাইকগুলো কেনা যাচ্ছে।
২০২৭ সালের মধ্যে দেশের ৬৪ জেলা এবং দুই শতাধিক উপজেলা ও থানায় ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এনওয়াওয়ের। নতুন মডেল, উদ্বোধনী অফার ও পণ্যের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।