হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ায় পুরোনো ডিভাইসে নতুন আপডেট এনেছে অ্যাপল

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১১:৪১

হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ায় পুরোনো ডিভাইসে নতুন আপডেট এনেছে অ্যাপল
ছবি : টেকক্রাঞ্চ ও ওয়্যার্ড ডটকম

স্মার্টফোন ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বিশেষ করে পুরোনো সফটওয়্যার ব্যবহারকারীরা নানা ঝুঁকিতে থাকেন প্রতিনিয়ত। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের সুরক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

নতুন এক আপডেটের মাধ্যমে শক্তিশালী ‘ডার্কসোর্ড’ হ্যাকিং টুলের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যাপল জানিয়েছে, তারা পুরোনো আইফোন ও আইপ্যাডের জন্য আইওএস ১৮ দশমিক ৭ দশমিক ৭ এবং আইপ্যাডওএস ১৮ দশমিক ৭ দশমিক ৭ সংস্করণ প্রকাশ করেছে। এই আপডেটের মাধ্যমে ‘ডার্কসোর্ড’ নামের ওয়েবভিত্তিক সাইবার আক্রমণ থেকে সুরক্ষা দেওয়া হবে।

ডার্কসোর্ড একটি শক্তিশালী হ্যাকিং টুলকিট, যা আইওএস ১৮ দশমিক ৪ থেকে ১৮ দশমিক ৭ পর্যন্ত সংস্করণে চলা ডিভাইসে আক্রমণ চালাতে পারে। ব্যবহারকারী কোনো ক্ষতিকর কোডযুক্ত ওয়েবসাইটে প্রবেশ করলেই এই আক্রমণ ঘটতে পারে। এমনকি আগে থেকেই হ্যাক হওয়া বৈধ ওয়েবসাইট থেকেও এই ঝুঁকি তৈরি হতে পারে।

এই টুলের মাধ্যমে ব্যবহারকারীর বার্তা, ব্রাউজিং ইতিহাস, অবস্থান তথ্য এবং ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত তথ্য চুরি করা সম্ভব। পরে এসব তথ্য হ্যাকারদের নিয়ন্ত্রিত সার্ভারে পাঠানো হয়।

ইতোমধ্যে চীন, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব ও ইউক্রেনে কিছু ব্যবহারকারীর ওপর এই টুল ব্যবহার করে আক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। তবে নিরাপত্তা গবেষকেরা সতর্ক করেছেন, টুলটি অনলাইনে ছড়িয়ে পড়ায় এখন যে কেউ এটি ব্যবহার করে আক্রমণ চালাতে পারে। ফলে ঝুঁকি আরও বেড়েছে।

অ্যাপল জানায়, তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম আইওএস ২৬ ব্যবহারকারীরা কয়েক সপ্তাহ আগেই এই ঝুঁকি থেকে সুরক্ষিত হয়েছেন। তবে যেসব ডিভাইস আইওএস ২৬ সমর্থন করে না, তাদের জন্যই নতুন এই আপডেট আনা হয়েছে।

এছাড়া যেসব ব্যবহারকারী আইওএস ২৬-এ আপডেট করার সুযোগ থাকলেও এখনো আপডেট করেননি, তাদের জন্যও এই সুরক্ষা সুবিধা দেওয়া হয়েছে। অনেক ব্যবহারকারী নতুন ‘লিকুইড গ্লাস’ ইন্টারফেস পছন্দ না করায় আপডেট থেকে বিরত ছিলেন।

অ্যাপল আরও জানায়, যাদের ডিভাইসে স্বয়ংক্রিয় আপডেট চালু আছে, তারা নতুন সংস্করণটি পেয়ে যাবেন। পাশাপাশি ‘লকডাউন মোড’ নামের একটি বিশেষ নিরাপত্তা সুবিধাও ডার্কসোর্ড আক্রমণ থেকে সুরক্ষা দেয়। প্রতিষ্ঠানটির দাবি, এই মোড চালু থাকা কোনো ডিভাইসে এখন পর্যন্ত সরকারি স্পাইওয়্যার আক্রমণের সফল উদাহরণ পাওয়া যায়নি।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন