বিশ্বজুড়ে আইফোন চাহিদার এক চতুর্থাংশ উৎপাদন হবে ভারতে

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১৪:৩১

বিশ্বজুড়ে আইফোন চাহিদার এক চতুর্থাংশ উৎপাদন হবে ভারতে
ছবি : টেকক্রাঞ্চ

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের আইফোন উৎপাদনে বড় পরিবর্তন এনেছে। দীর্ঘদিন চীনের ওপর নির্ভর থাকার পর এখন উৎপাদনের বড় অংশ ভারতে সরিয়ে নেওয়া হচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে তৈরি আইফোনের প্রায় এক চতুর্থাংশই এখন ভারতে তৈরি হচ্ছে।

ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর বিশ্বজুড়ে ২২ থেকে ২৩ কোটি আইফোন তৈরি হয়েছে। এর মধ্যে ৫ কোটি ৫০ লাখ উৎপাদন হয়েছে ভারতে। এতে ভারতের অংশ বিশ্ববাজারে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অ্যাপল পুরো আইফোন ১৭ সিরিজ ভারতে তৈরি করছে। প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চাহিদার বড় অংশই এখন ভারতে তৈরি ফোন দিয়ে পূরণ হচ্ছে।

২০২৫ সালে চীনে উৎপাদনের অনিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল আমদানি শুল্কের কারণে উৎপাদন ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কৌশল ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করছে।

রাজনৈতিক পর্যায়েও বিষয়টি আলোচিত। গত মে মাসে দোহায় ব্যবসায়িক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে টিম কুককে সতর্ক করেছিলেন ভারতে উৎপাদন বাড়ানোর বিষয়ে।

ভারত কেবল উৎপাদনের কেন্দ্র নয়, বড় ভোক্তা বাজার হিসাবেও গুরুত্বপূর্ণ। গত বছর ভারতে ১ কোটি ৪০ লাখ আইফোন বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। বিক্রির মোট মূল্য ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে।

অ্যাপল চলতি বছর ভারতে অ্যাপল পে চালু করার পরিকল্পনা করছে এবং গত মাসে ষষ্ঠ খুচরা দোকানও খোলা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী কয়েক বছরে ভারতে উৎপাদন কেন্দ্র বিশ্বজুড়ে আইফোন সরবরাহে আরও বড় ভূমিকা পালন করবে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন