আইওএস ২৭ নতুন আপডেটে আসছে সিরি অ্যাপ ও এক্সটেনশন সুবিধা
অ্যাপল তার পরবর্তী বড় সফটওয়্যার আপডেট আইওএস ২৭ উন্মোচন করতে যাচ্ছে জুনের ৮ তারিখে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে। নতুন আপডেটে থাকবে নতুন ডিজাইনের সিরি অ্যাপ এবং এক্সটেনশন ফিচার, যা ব্যবহারকারীদের তৃতীয় পক্ষের এআই চ্যাটবট সরাসরি সিরির মধ্যে চালানোর সুযোগ দেবে।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের এই পদক্ষেপের মাধ্যমে তারা স্বীকার করছে যে, তাদের নিজস্ব এআই প্রযুক্তি চ্যাটজিপিটি, গুগল জেমিনি ও অ্যানথ্রপিকের মতো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে। সরাসরি এআই প্রতিযোগিতায় না গিয়ে, কোম্পানি তার হার্ডওয়্যার ইকোসিস্টেম ও অ্যাপ স্টোর মডেলকে ব্যবহার করে ব্যবহারকারীদের ধরে রাখার দিকে মনোযোগ দিচ্ছে।

নতুন এক্সটেনশন ফিচারের সঙ্গে অ্যাপল একটি বিশেষ অ্যাপ স্টোর বিভাগ তৈরি করবে। এতে ব্যবহারকারীরা বিভিন্ন এআই অ্যাপ ইন্সটল করতে পারবেন। কার্যত এটি একটি এআই মার্কেটপ্লেস, যা অ্যাপলের ঐতিহ্যবাহী নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ও অন্তর্নির্মিত অ্যাপ দেওয়ার পাশাপাশি তৃতীয় পক্ষের বিকল্প ব্যবহার করার সুযোগ এবং আয় নিশ্চিত করে।
গুগলের জেমিনি প্রযুক্তির সঙ্গে কাজ করছেঅ্যাপল, যাতে সিরি ও অন্যান্য এআই ফাংশন কার্যকর থাকে। তবে কোম্পানি জানে যে, অধিকাংশ ব্যবহারকারী শুধু সিরির জন্য অর্থ দেবেন না। তাই তৃতীয় পক্ষের ইন্টিগ্রেশনই সিরিকে আকর্ষণীয় রাখার মূল কৌশল।
হার্ডওয়্যার এখনও অ্যাপলের মূল শক্তি। তাদের চিপ ও ডিভাইসগুলো এআই কাজের জন্য উপযুক্ত। ভবিষ্যতের প্রোডাক্ট যেমন- উচ্চমানের এয়ারপডস, স্মার্ট চশমা ও স্মার্ট হোম ডিভাইসগুলো সিরির ওপর নির্ভর করবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি অ্যাপলের হার্ডওয়্যার-ফোকাসড পরিচয় আরও দৃঢ় করছে।
অ্যাপল প্রতিদ্বন্দ্বীদের মতো এআই সাবস্ক্রিপশন থেকে আয়ের চেষ্টা করছে না। তারা বিশ্বাস করছে, সিরি এক্সটেনশন ব্যবহারকারীদের আইফোনে ধরে রাখবে এবং তৃতীয় পক্ষকে উদ্ভাবনের সুযোগ দেবে। এই কৌশল অ্যাপ স্টোরের সাফল্যের পথ অনুসরণ করছে। তবে প্রশ্ন থেকে যায়, অ্যাপল কি অন্যদের হাতে এআই-এর ভবিষ্যত ছেড়ে দিয়ে নিজের ইকোসিস্টেম নিয়ন্ত্রণে রাখতে পারবে?
সূত্র : টাইমস অব ইন্ডিয়া