বিশ্বজুড়ে চালু হলো গুগলের ‘সার্চ লাইভ’ সুবিধা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৭:২৮

বিশ্বজুড়ে চালু হলো গুগলের ‘সার্চ লাইভ’ সুবিধা
ছবি : টেকক্রাঞ্চ

তথ্য খোঁজার ধরন বদলে দিচ্ছে নতুন প্রযুক্তি। এখন আর লিখে সার্চ করতে হবে না, কথা বললেই মিলবে উত্তর। প্রয়োজনে ক্যামেরায় দেখিয়েও জানা যাবে নানা তথ্য। এমন সুবিধা নিয়ে বিশ্বজুড়ে চালু হলো গুগলের ‘সার্চ লাইভ’।

এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা কণ্ঠস্বর বা ক্যামেরা ব্যবহার করে সরাসরি তথ্য অনুসন্ধান করতে পারবেন। গুগল জানিয়েছে, ‘সার্চ লাইভ’ এখন ২০০টির বেশি দেশ ও অঞ্চলে চালু হয়েছে এবং এটি ১২টি ভাষায় ব্যবহার করা যাচ্ছে।

প্রথমে গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সীমিত পরিসরে এই সুবিধা চালু করা হয়। তখন ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো বস্তুর দিকে তাক করে প্রশ্ন করতে পারতেন। যেমন, কোনো কিছু কীভাবে ব্যবহার বা স্থাপন করতে হয় তা জানতে চাইলে সহকারী অডিও আকারে উত্তর দেয়। পাশাপাশি ওয়েব থেকে পাওয়া তথ্যের লিংকও দেখানো হয়।

এই বৈশ্বিক সম্প্রসারণে ব্যবহার করা হচ্ছে গুগলের নতুন ‘জেমিনি ৩.১ ফ্ল্যাশ লাইভ’ মডেল। গুগলের ভাষ্য অনুযায়ী, এই মডেল একাধিক ভাষা বুঝতে সক্ষম। এটি দ্রুত উত্তর দেয় এবং মানুষের সঙ্গে কথোপকথনের মতো স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া জানায়।

সুবিধাটি ব্যবহার করতে অ্যান্ড্রয়েড বা আইওএসচালিত ডিভাইসে গুগল অ্যাপ খুলে সার্চ বারের নিচে থাকা ‘লাইভ’ বাটনে চাপ দিতে হবে। এ ছাড়া গুগল লেন্সের মাধ্যমেও এটি ব্যবহার করা যাবে।

একই সঙ্গে গুগল তাদের অনুবাদ সুবিধায় নতুন পরিবর্তন এনেছে। আইফোন ব্যবহারকারীরা এখন তাৎক্ষণিকভাবে কথোপকথন অনুবাদ করতে পারবেন। হেডফোনের মাধ্যমে সরাসরি অনুবাদ শোনা যাবে। এই সুবিধা জার্মানি, স্পেন, ফ্রান্স, নাইজেরিয়া, ইতালি, যুক্তরাজ্য, জাপান, বাংলাদেশ ও থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশে চালু হচ্ছে।

সূত্র : দ্য ভার্জ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন