ফোনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার শনাক্ত

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১৫:২৬

ফোনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার শনাক্ত
ছবি : সংগৃহীত

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে নতুন ধরনের এক ম্যালওয়্যার শনাক্ত হয়েছে, যা পুরো ডিভাইস ও ব্যবহারকারীর তথ্য নিয়ন্ত্রণ করতে সক্ষম। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা একে ‘অ্যান্ড্রয়েড গড মোড’ ধরনের হুমকি হিসেবে চিহ্নিত করেছেন।

নতুন এই ম্যালওয়্যারটি সাধারণত ভুয়া অ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যাংকিং সেবা, ইউটিলিটি টুল বা কাস্টমার সাপোর্ট অ্যাপের মতো পরিচয় দিয়ে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে এটি ফোনে প্রবেশ করে। একবার ইনস্টল হলে এটি সরানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, ম্যালওয়্যারটি অ্যান্ড্রয়েডের অ্যাকসেসিবিলিটি সার্ভিস ব্যবহার করে ডিভাইসের গভীর নিয়ন্ত্রণ নেয়। এরপর এটি ব্যবহারকারীর স্ক্রিন কার্যক্রম পর্যবেক্ষণ, বার্তা পড়া, ইনপুট ট্র্যাক করা এবং ব্যবহারকারীর অজান্তে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে।

এছাড়া এটি এসএমএস বার্তা, বিশেষ করে ওটিপি কোড চুরি করতে পারে। ফোন থেকে কল করা, কন্টাক্ট লিস্টে প্রবেশ করা এবং ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা ব্যবহার করার মতো ঝুঁকিও রয়েছে। কিছু ক্ষেত্রে ভুয়া স্ক্রিন দেখিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করার কৌশলও ব্যবহার করে ম্যালওয়্যারটি।

ফোন আক্রান্ত হয়েছে কি না, তা বোঝার জন্য কিছু লক্ষণের দিকে নজর দিতে বলা হয়েছে। যেমন অপ্রয়োজনীয়ভাবে অ্যাকসেসিবিলিটি অনুমতি চাওয়া, হঠাৎ অচেনা অ্যাপ দেখা, অস্বাভাবিক এসএমএস কার্যক্রম বা কল ফরওয়ার্ডিং হওয়া। অনেক সময় কিছু অ্যাপ আনইনস্টলও করা যায় না, যা বড় সতর্ক সংকেত।

ম্যালওয়্যারটি সরাতে সাইবার বিশেষজ্ঞরা কিছু ধাপ অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। প্রথমে ফোনকে সেফ মোডে চালু করতে হবে, যাতে থার্ড পার্টি অ্যাপ নিষ্ক্রিয় থাকে। এরপর সন্দেহজনক অ্যাপ শনাক্ত করে আনইনস্টল করতে হবে।

এরপর সেটিংস থেকে ডিফল্ট লঞ্চার পরিবর্তন করে সিস্টেম লঞ্চার ব্যবহার করতে হবে। অ্যাকসেসিবিলিটি ও ডিভাইস অ্যাডমিন অনুমতিগুলো যাচাই করে অচেনা সার্ভিস বন্ধ করতে হবে।

এছাড়া কল ফরওয়ার্ডিং বন্ধ করতে বিশেষ কোড ব্যবহার করার কথাও বলা হয়েছে। এরপর ফোন রিস্টার্ট করে দেখা উচিত ম্যালওয়্যার আবার ফিরে আসে কি না। সমস্যা থেকে গেলে ফ্যাক্টরি রিসেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা আরও বলছেন, শুধুমাত্র নির্ভরযোগ্য উৎস যেমন অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত। মেসেজ বা অচেনা লিংক থেকে অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন