মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসানোর অনুমোদন পেল স্পেসএক্স
মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তথ্যকেন্দ্র স্থাপনের জন্য সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট মোতায়েনের অনুমোদন পেয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ‘স্টারমাইন্ড’ নামের এই স্যাটেলাইট নেটওয়ার্কের অনুমোদন দেয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের লক্ষ্য নিয়ে চলতি বছরের শুরুতে এফসিসির কাছে ১০ লাখ স্যাটেলাইট মোতায়েনের অনুমতি চেয়েছিল স্পেসএক্স। কৃত্রিম বুদ্ধিমত্তার গণনাপ্রক্রিয়ার ক্রমবর্ধমান চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুমোদনের শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট মোতায়েন শুরু করতে হবে স্পেসএক্সকে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সংখ্যার অন্তত ১০ শতাংশ বা এক লাখ স্যাটেলাইট এবং ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে ৫০ শতাংশ মোতায়েন করতে হবে।
স্পেসএক্সের দাবি, স্যাটেলাইটগুলো প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার করে তথ্য প্রক্রিয়াকরণ করবে। এতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ কমবে। পাশাপাশি পৃথিবীতে স্থাপিত প্রচলিত তথ্যকেন্দ্রের তুলনায় বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা বাড়বে এবং পরিবেশের ওপর প্রভাব কমবে।
তবে শেষ পর্যন্ত স্পেসএক্স ১০ লাখ স্যাটেলাইটই মহাকাশে পাঠাবে কি না, তা নিশ্চিত নয়। বর্তমানে মহাকাশে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে। সাধারণত নকশা ও পরিকল্পনায় নমনীয়তা রাখার জন্য স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক স্যাটেলাইটের অনুমোদন চেয়ে থাকে।
এর আগে স্টারলিংক নেটওয়ার্কের জন্য ৪২ হাজার স্যাটেলাইটের অনুমোদন চেয়েছিল স্পেসএক্স। বর্তমানে মহাকাশে প্রতিষ্ঠানটির ১১ হাজারের কিছু বেশি স্টারলিংক স্যাটেলাইট রয়েছে।
নতুন পরিকল্পনা বাস্তবায়নে স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট স্টারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যয় কমাতে এই রকেটের ওপর নির্ভর করছে প্রতিষ্ঠানটি।
স্পেসএক্সের প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের স্যাটেলাইট বিভাগ লিওসহ কয়েকটি প্রতিষ্ঠান এই পরিকল্পনার সমালোচনা করেছে। তাদের দাবি, এত বিপুলসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ করা স্পেসএক্সের পক্ষে কঠিন হতে পারে এবং পুরো পরিকল্পনা বাস্তবায়নে কয়েক শতাব্দীও লেগে যেতে পারে। তবে এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার মার্চ মাসে এ সমালোচনা প্রত্যাখ্যান করেন।
এ ছাড়া স্পেসএক্সের অপটিক্যাল যোগাযোগ নেটওয়ার্কের বিকল্প ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত যোগাযোগ সুবিধা চালুর আবেদনও অনুমোদন করেছে এফসিসি।