স্মার্ট চশমায় ধারণ করা ব্যক্তিগত ভিডিও নিয়ে বিতর্কে মেটা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৮ মার্চ ২০২৬, ১২:৪৩

স্মার্ট চশমায় ধারণ করা ব্যক্তিগত ভিডিও নিয়ে বিতর্কে মেটা
ছবি : দ্য হিন্দু

পরিধানযোগ্য প্রযুক্তির নতুন দিগন্ত হিসেবে স্মার্ট চশমা এখন প্রযুক্তি প্রেমীদের নজরে। ছবি তোলা, ভিডিও ধারণ করা বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া এখন চশমা পরেই সম্ভব। তবে ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা কতটা রক্ষা হচ্ছে, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্মার্ট চশমায় ধারণ করা কিছু ব্যক্তিগত ভিডিও মেটার ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা দেখছেন।

সুইডেনের সংবাদপত্র স্বেনস্কা ও পোস্টেন এবং কেনিয়ার ফ্রিল্যান্স সাংবাদিক নাইপানোই লেপাপার যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, কেনিয়া সদরদপ্তরভিত্তিক ডেটা অ্যানোটেশন প্রতিষ্ঠান সামার কর্মীরা এসব ভিডিও বিশ্লেষণ করেন। তাদের মধ্যে অনেকেই ভিডিও, ছবি ও কণ্ঠ বিশ্লেষণ করে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে প্রশিক্ষণ দেন। প্রতিবেদনে জানানো হয়, কর্মীদের অনেকেরই অস্বস্তি লাগে, কারণ ভিডিওতে ব্যবহারকারীর ব্যক্তিগত মুহূর্ত ধরা পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানিয়েছেন, তিনি এমন একটি ভিডিও দেখেছেন যেখানে একজন ব্যক্তি চশমাটি বিছানার পাশে রেখে ঘর থেকে বের হন। কিছুক্ষণ পরে তার স্ত্রী ঘরে এসে পোশাক পরিবর্তন করেন। আরেক কর্মী জানান, তিনি এমন ভিডিও দেখেছেন যেখানে ব্যবহারকারীর সঙ্গী বাথরুম থেকে নগ্ন অবস্থায় বের হচ্ছেন।

মেটা বিবৃতিতে জানিয়েছে, কখনো কখনো ব্যবহারকারীরা যে কনটেন্ট শেয়ার করেন তা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের দিয়ে পর্যালোচনা করা হয়। উদ্দেশ্য হলো সেবার মান উন্নত করা। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তথ্য বিশ্লেষণের আগে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করা হয়। উদাহরণ হিসেবে ছবিতে থাকা মুখ ঝাপসা করে দেওয়া হয়।

মেটার নীতিমালায় বলা হয়েছে, স্মার্ট চশমা দিয়ে তোলা ছবি বা ভিডিও নির্দিষ্ট পরিস্থিতিতে মেটার কাছে পাঠানো হয়। ব্যবহারকারীরা চাইলে মেটা এআই অ্যাপ থেকে রেকর্ডিং ও সংশ্লিষ্ট তথ্য মুছে দিতে পারেন। তবে অনেক ব্যবহারকারী হয়তো নীতিমালা পুরোপুরি পড়েন না বা বুঝেন না।

এই ঘটনায় গোপনীয়তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাজ্যের তথ্য কমিশনারের কার্যালয়ও বিষয়টি নিয়ে মেটার কাছে ব্যাখ্যা চেয়েছে। মামলার হুমকি ও সমালোচনার মধ্যে মেটার গোপনীয়তা নীতি নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে।

সূত্র : আর্সটেকনিকা ডটকম

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন