সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশাধিকার সীমিত করছে ইন্দোনেশিয়া

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৮ মার্চ ২০২৬, ১৬:০৭

সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশাধিকার সীমিত করছে ইন্দোনেশিয়া
ছবি : নিক্কেই এশিয়া

ইন্দোনেশিয়া সরকার চলতি মাসের ২৮ তারিখ থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া এবং জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে। দেশের শিশু ও কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়াই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

সংযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মিউতিয়া হাফিদ জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স, বিগো লাইভ এবং রোবলক্সের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্মে শিশু ও কিশোরদের অ্যাকাউন্ট বন্ধ করা হবে। ধাপে ধাপে এই কার্যক্রম শুরু হবে যতক্ষণ না সব প্ল্যাটফর্ম সরকারী নির্দেশনা মেনে চলে।

মন্ত্রী হাফিদ বলেন,‘আমাদের শিশুদের এখন পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা এবং আসক্তির মতো ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে। সরকারের পদক্ষেপের মাধ্যমে অভিভাবকদের একা লড়াই করতে হবে না। আমরা ডিজিটাল জরুরি পরিস্থিতিতে শিশুদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’ তিনি আরও জানান, প্রথমদিকে শিশু ও অভিভাবকরা হয়তো বিভ্রান্ত হবেন, তবে এটি তাদের সুরক্ষা নিশ্চিত করবে।

স্থানীয় অভিভাবকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সন্তানদের অনলাইন কার্যক্রম সবসময় নজরদারি করা কঠিন। তবে কিছু কিশোর মনে করছেন, সব প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ না করে বিকল্প এবং বুদ্ধিদীপ্ত পদ্ধতি নেওয়া যেত। তাদের মতে, তরুণদের বিনোদনের বড় অংশ সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত হওয়ায় টেলিভিশনে মানসম্মত ও শিক্ষামূলক অনুষ্ঠান বৃদ্ধির প্রয়োজন।

নীতি গবেষক ও অধিকারকর্মীরা বলছেন, শুধু বয়সসীমা নির্ধারণ যথেষ্ট নয়। শিশুদের জন্য প্রোফাইলভিত্তিক বিজ্ঞাপন বন্ধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক নীতিমালা প্রয়োজন। বিশেষ করে বয়স যাচাইয়ের জন্য সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সুরক্ষা এবং শিশুদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম দেশ হিসেবে বয়সের ভিত্তিতে ডিজিটাল জগতে শিশুদের প্রবেশাধিকার সীমিত করছে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। সম্প্রতি স্পেনও এ পথে চলার পরিকল্পনা করছে, আর যুক্তরাজ্য শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ নিয়ে জনমত সংগ্রহ শুরু করেছে।

সূত্র : এপি

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন