বিজ্ঞাপনদাতাদের থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১৩:১৪

বিজ্ঞাপনদাতাদের থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
ছবি : রয়টার্স

ইউরোপে আরোপিত ডিজিটাল সেবা করের চাপ সামলাতে নতুন পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া ব্যবহারকারীদের কাছ থেকে ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ‘লোকেশন ফি’ নেওয়া হবে। নতুন নিয়ম ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

ফি প্রযোজ্য হবে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত ছবি ও ভিডিও বিজ্ঞাপনের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপের ক্লিক-টু-মেসেজ প্রচারণা এবং বিপণন বার্তার সঙ্গে যুক্ত বিজ্ঞাপন। এত দিন এই অতিরিক্ত খরচ মেটা নিজেই বহন করত, তবে নতুন নীতিমালার সঙ্গে খাপ খাইয়ে নিতে এবার বিজ্ঞাপনদাতাদের ওপর কিছু অংশ চাপানো হচ্ছে।

লোকেশন ফি নির্ধারণ হবে সেই দেশের ভিত্তিতে যেখানে বিজ্ঞাপন দেখা হবে। বিজ্ঞাপনদাতার ব্যবসার অবস্থান এতে প্রভাব ফেলবে না। প্রাথমিকভাবে ছয়টি দেশে এই ফি কার্যকর হবে। যুক্তরাজ্যে ২ শতাংশ, ফ্রান্স, ইতালি ও স্পেনে ৩ শতাংশ এবং অস্ট্রিয়া ও তুরস্কে সর্বোচ্চ ৫ শতাংশ ধার্য করা হয়েছে।

ডিজিটাল কর সাধারণত বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর স্থানীয় আয়ের ওপর আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রশাসন বলেছে, এই কর মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, ইউরোপে ডিজিটাল কর কার্যকর হওয়ায় বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক কৌশলে পরিবর্তন আনছে। এর আগে গুগল ও অ্যামাজনও একই ধরনের ফি আরোপ করেছিল।

নতুন সিদ্ধান্তের ফলে বিজ্ঞাপন খরচ কিছুটা বাড়তে পারে, তবে প্রতিষ্ঠানগুলোর মতে, পরিবর্তিত নীতিমালার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই প্রয়োজন।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন