সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের কঠোর পদক্ষেপ
বড় ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে শিশুদের প্রবেশ নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা নিতে বলেছে যুক্তরাজ্যের সংবাদ ও গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার (১২মার্চ) তারা সতর্ক করেছেন যে, কোম্পানিগুলো তাদের ন্যূনতম বয়সের নিয়ম ঠিকমতো প্রয়োগ করছে না।
যুক্তরাজ্য সরকার দীর্ঘদিন ধরেই শিশুদের অনলাইন সুরক্ষা নিয়ে কড়া পদক্ষেপ বিবেচনা করছে। এই উদ্যোগের মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সী শিশুদের প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ নিষিদ্ধ করার বিষয়টি, যা অস্ট্রেলিয়ার অনুরূপ নীতির সঙ্গে মিলে রয়েছে। 
নিয়ন্ত্রক সংস্থা অবকম এবং ইনফরমেশন কমিশনারের অফিস বলেছে, অ্যালগরিদমের মাধ্যমে শিশুদের জন্য ক্ষতিকর বা আসক্তিকর বিষয়বস্তু প্রদর্শন করা নিয়ে তারা উদ্বিগ্ন। অবকমের প্রধান নির্বাহী মেলানি ডোয়েজ বলেন, ‘এই অনলাইন সেবাগুলো ঘরের পরিচিত নাম হলেও তারা শিশুদের সুরক্ষা নিজেদের পণ্যের মূল অংশে রাখছে না। এখনই পরিবর্তন করতে হবে, নইলে অবকম ব্যবস্থা নেবে।’
বর্তমান অনলাইন সেফটি আইন বাস্তবায়নের ধাপের মধ্যে ফেসবুক ও ইনস্টাগ্রাম (মেটার মালিকানাধীন), রোব্লক্স, স্ন্যাপচ্যাট, টিকটক (বাইটড্যান্সের) এবং ইউটিউবকে নির্দেশ দিয়েছে যে, এপ্রিলের ৩০ তারিখের মধ্যে দেখাতে হবে তারা কীভাবে বয়স যাচাই কঠোর করবে, অপরিচিতদের শিশুদের সঙ্গে যোগাযোগ রোধ করবে, ফিড নিরাপদ করবে এবং শিশুদের উপর নতুন পণ্য পরীক্ষা বন্ধ রাখবে।
একই সঙ্গে ইনফরমেশন কমিশনারের অফিস একই প্ল্যাটফর্মগুলোকে একটি খোলা চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য উপযুক্ত নয় এমন সেবাগুলোতে প্রবেশ রোধ করতে “আধুনিক এবং কার্যকর” বয়স যাচাই প্রযুক্তি ব্যবহার করতে হবে। ইনফরমেশন কমিশনার পল আর্নল্ড বলেন, ‘আধুনিক প্রযুক্তি এখন আপনার হাতে, তাই কোনো অজুহাত নেই।’
যদি কোম্পানিগুলো নির্দেশনা মানতে ব্যর্থ হয়, অবকম তাদের বৈশ্বিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে, আর ইনফরমেশন কমিশনারের অফিস গ্লোবাল বাৎসরিক আয়ের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে পারে। গত মাসে ইনফরমেশন কমিশনারের অফিস রেডিটকে প্রায় ১৪.৫ মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে শিশুদের জন্য যথাযথ বয়স যাচাই না করা এবং তাদের তথ্য অবৈধভাবে প্রক্রিয়াজাত করার জন্য।
সূত্র : রয়টার্স ও দ্য হিন্দু