ভুয়া অ্যাকাউন্ট ও কপি কনটেন্ট বন্ধে উদ্যোগ নিয়েছে মেটা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১৩:৫৮

ভুয়া অ্যাকাউন্ট ও কপি কনটেন্ট বন্ধে উদ্যোগ নিয়েছে মেটা
ছবি : ম্যাশেবল

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খোলার অভিযোগ দীর্ঘদিনের। অনেক নির্মাতা অভিযোগ করেন, তাদের কনটেন্ট অন্যরা কপি করে নিজেদের নামে প্রকাশ করছে। এ সমস্যা কমাতে নতুন কিছু প্রযুক্তি ও নীতিমালা চালুর ঘোষণা দিয়েছে মেটা।

শুক্রবার (১৩ মার্চ) মেটা জানিয়েছে, ফেসবুকে ভুয়া পরিচয়ে তৈরি অ্যাকাউন্ট শনাক্ত করা সহজ করতে নতুন সরঞ্জাম আনা হচ্ছে। একই সঙ্গে নির্মাতাদের জন্য কনটেন্ট নীতিমালাও হালনাগাদ করা হয়েছে, যাতে স্পষ্টভাবে বোঝা যায় কোন ধরনের কনটেন্টকে মৌলিক বা নিজস্ব ধরা হবে।

গত বছর প্রতিষ্ঠানটি স্প্যামধর্মী ও অমৌলিক কনটেন্টের বিরুদ্ধে অভিযান শুরু করে। অন্যের ছবি, ভিডিও বা লেখা বারবার ব্যবহার করা কিংবা একই কনটেন্ট ঘুরিয়ে ফিরিয়ে প্রকাশ করা এর মধ্যে পড়ে। এর উদ্দেশ্য ছিল ফেসবুকের ফিডে মৌলিক কনটেন্টকে বেশি গুরুত্ব দেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নিম্নমানের পোস্টের প্রভাব কমানো।

মেটা জানিয়েছে, এসব উদ্যোগের ফলে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে ফেসবুকে মৌলিক কনটেন্ট দেখার সংখ্যা এবং তা দেখার সময় প্রায় দ্বিগুণ হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।

ভুয়া পরিচয়ে তৈরি অ্যাকাউন্টের বিরুদ্ধেও অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। গত বছর মোট ২ কোটি এমন অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে। একই সময়ে বড় নির্মাতাদের লক্ষ্য করে করা ভুয়া পরিচয় সংক্রান্ত অভিযোগের সংখ্যা ৩৩ শতাংশ কমেছে।

এবার ফেসবুক কনটেন্ট সুরক্ষা সরঞ্জাম আরও উন্নত করার পরীক্ষা চালাচ্ছে। নতুন ব্যবস্থায় কোনো নির্মাতার প্রকাশিত রিলস অন্য কেউ নিজের নামে আপলোড করলে সেটি শনাক্ত করা যাবে। একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ড থেকে নির্মাতারা সহজেই সেই কনটেন্ট চিহ্নিত করে অভিযোগ জানাতে পারবেন।

আগামী হালনাগাদে অভিযোগ জানানোর প্রক্রিয়াও আরও সহজ করা হবে। নির্মাতারা এক জায়গা থেকেই একাধিক অভিযোগ জমা দিতে পারবেন।

তবে বর্তমান সরঞ্জাম মূলত একই কনটেন্টের নকল সংস্করণ শনাক্ত করতে পারে। কোনো নির্মাতার চেহারা বা পরিচয় অনুমতি ছাড়া ব্যবহার করা হলে তা শনাক্ত করার প্রযুক্তি এখনো পুরোপুরি কার্যকর হয়নি।

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এমন সমস্যায় শুধু মেটাই নয়, অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানও পড়েছে। চলতি সপ্তাহেই ইউটিউব জানিয়েছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও শনাক্ত করার প্রযুক্তি আরও বিস্তৃত করবে। বিশেষ করে রাজনীতিক, জনপরিচিত ব্যক্তি ও সাংবাদিকদের ক্ষেত্রে এ ব্যবস্থা জোরদার করা হবে।

নতুন পরিবর্তনের অংশ হিসেবে ফেসবুক কনটেন্ট নীতিমালায়ও পরিবর্তন আনা হয়েছে। এখন কোনো কনটেন্টকে মৌলিক ধরা হবে যদি সেটি সরাসরি নির্মাতা নিজে ধারণ বা তৈরি করেন। অন্য কনটেন্ট ব্যবহার করে বিশ্লেষণ, আলোচনা বা নতুন তথ্য যোগ করেও রিলস তৈরি করলে সেটিও মৌলিক হিসেবে বিবেচিত হবে।

অন্যদিকে কোনো কনটেন্টে সামান্য পরিবর্তন এনে আবার প্রকাশ করলে সেটি অমৌলিক হিসেবে ধরা হবে। শুধু সীমানা যোগ করা, ক্যাপশন বসানো বা সামান্য সম্পাদনা করে আবার আপলোড করলে সেটিকে আর আলাদা কনটেন্ট হিসেবে গণ্য করা হবে না। ফলে এমন পোস্ট ফেসবুকের ফিডে কম গুরুত্ব পাবে।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন