এআই ব্যয় সামাল দিতে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বড় বিনিয়োগের পথে হাঁটছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। তবে এই ব্যয় সামাল দিতে কোম্পানিটি বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে কর্মীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। প্রযুক্তি খাতে এআই ব্যবহারের বিস্তার বাড়ার সঙ্গে সঙ্গে বড় প্রতিষ্ঠানগুলোর কর্মী কাঠামোতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেটা তাদের মোট কর্মীর প্রায় ২০ শতাংশ বা তারও বেশি ছাঁটাইয়ের বিষয়টি বিবেচনা করছে। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য দিয়েছে। তবে এখনো ছাঁটাইয়ের নির্দিষ্ট সময় বা সংখ্যা চূড়ান্ত হয়নি।
সূত্রগুলোর ভাষ্য, মেটার শীর্ষ কর্মকর্তারা ইতিমধ্যে জ্যেষ্ঠ ব্যবস্থাপকদের সম্ভাব্য ছাঁটাইয়ের প্রস্তুতি নিতে বলেছেন। বিভিন্ন বিভাগে কোথায় কর্মীসংখ্যা কমানো যায়, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। তবে মেটা আনুষ্ঠানিকভাবে এ পরিকল্পনা স্বীকার করেনি। প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যান্ডি স্টোন বলেন, এ নিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুমানভিত্তিক।
যদি ২০ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়, তাহলে এটি হবে মেটার ইতিহাসে বড় সিদ্ধান্তগুলোর একটি। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর পর্যন্ত মেটায় প্রায় ৭৯ হাজার কর্মী ছিলেন। ২০২২ সালের নভেম্বরে প্রতিষ্ঠানটি প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল, যা তখনকার মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ। চার মাস পর আরও ১০ হাজার চাকরি কমানোর ঘোষণা দেওয়া হয়।
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ বর্তমানে জেনারেটিভ এআই প্রযুক্তিতে জোর দিচ্ছেন। শীর্ষ এআই গবেষকদের দলে নিতে বড় অঙ্কের পারিশ্রমিকও দিচ্ছে প্রতিষ্ঠানটি। মেটা জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে ডেটা সেন্টার নির্মাণে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। সম্প্রতি এআই এজেন্টদের জন্য তৈরি সামাজিক প্ল্যাটফর্ম মোলবুক অধিগ্রহণ করেছে তারা। পাশাপাশি চীনের এআই স্টার্টআপ ম্যানাস কিনতেও অন্তত ২ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
জুকারবার্গের মতে, এআই ব্যবহারে কাজের দক্ষতা বাড়ছে। আগে যে প্রকল্পে বড় দল প্রয়োজন হতো, এখন তা একজন দক্ষ কর্মী দিয়েও করা সম্ভব হচ্ছে।
শুধু মেটাই নয়, প্রযুক্তি খাতের আরও অনেক প্রতিষ্ঠান একই পথে হাঁটছে। চলতি বছরের জানুয়ারিতে ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন প্রায় ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। গত মাসে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লক তাদের প্রায় অর্ধেক কর্মী কমিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জ্যাক ডরসি বলেছেন, এআই প্রযুক্তির উন্নতির ফলে কম কর্মী দিয়েই বেশি কাজ করা সম্ভব হচ্ছে।
মেটার এআই পরিকল্পনার পেছনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। গত বছর তাদের লামা ফোর মডেল নিয়ে সমালোচনা ওঠে এবং সবচেয়ে বড় সংস্করণ বেহেমথ আর প্রকাশ করা হয়নি। বর্তমানে মেটার সুপারইন্টেলিজেন্স দল নতুন একটি মডেল অ্যাভোকাডো তৈরিতে কাজ করছে, তবে সেটির পারফরম্যান্স এখনো প্রত্যাশার তুলনায় পিছিয়ে রয়েছে।
সূত্র : রয়টার্স