শিশু সুরক্ষা ব্যর্থতার অভিযোগে মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের এক আদালতের জুরি বোর্ড মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলারের জরিমানা করেছে। রায়ে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি শিশুদের বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি করার মাধ্যমে তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। ছয় সপ্তাহের ট্রায়াল শেষে এই রায় দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি কিশোরদের যৌন নিপীড়ন, অনলাইন প্রলুব্ধকরণ এবং মানব পাচার থেকে রক্ষা করতে ব্যর্থ বলে রাজ্য অভিযোগ করেছিল।
প্রাথমিকভাবে রাজ্যের পক্ষ থেকে ২.২ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিল, কিন্তু জুরি বোর্ড কম পরিমাণ জরিমানা ঠিক করেছে। মেটা জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। এই মামলা শিশু সুরক্ষা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রায় হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউ মেক্সিকোর জুরি বোর্ড মঙ্গলবার ঘোষণা করেছে, মেটাকে রাজ্যের ‘অন্যায্য কার্যক্রম আইন’ অনুযায়ী দায়ী সাব্যস্ত করা হলো। আদালতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের শিশুদের নিরাপত্তা সম্পর্কে ভুল ধারণা দিয়েছিল।
নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ এই রায়কে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, মেটা শিশুদের নিরাপত্তার চেয়ে লাভের দিকে বেশি মনোযোগ দিয়েছে।
তবে মেটা বলেছে, তারা রায়ের সঙ্গে একমত নয় এবং এটি চ্যালেঞ্জ করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, তবে ক্ষতিকর বিষয়বস্তু এবং ব্যবহারকারীদের শনাক্তকরণে চ্যালেঞ্জ রয়েছে।
মামলায় প্রায় ৪০ জন সাক্ষীর স্বাক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া শত শত অভ্যন্তরীণ নথি ও রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে। মূল মামলা ২০২৩ সালে দায়ের করা হয়েছিল, যেখানে মেটা এবং এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ থাকার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ ছিল, তাদের অ্যালগরিদম ক্ষতিকর বিষয়বস্তু তরুণ ব্যবহারকারীদের দিকে পরিচালিত করছিল।
প্রতিবেদন অনুযায়ী, মামলার দ্বিতীয় ধাপ ৪মে থেকে শুরু হবে। সেখানে আদালত অতিরিক্ত জরিমানা এবং মেটার প্ল্যাটফর্ম ও কার্যক্রমে সম্ভাব্য পরিবর্তনের বিষয় বিবেচনা করবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া