হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন ৬ সুবিধা
ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করতে একগুচ্ছ নতুন সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। এসব পরিবর্তনের মাধ্যমে যোগাযোগ, চ্যাট স্থানান্তর ও কনটেন্ট ব্যবস্থাপনা আগের তুলনায় আরও সুবিধাজনক হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় অ্যাপটির কার্যকারিতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে।
হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়া নতুন ৬ সুবিধা নিচে তুলে ধরা হলো-
একই আইফোনে একাধিক অ্যাকাউন্ট
এখন থেকে একটি আইফোনেই দুটি আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। আগে এই সুবিধা শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ছিল। ফলে ব্যক্তিগত ও কাজের যোগাযোগ আলাদা রাখতে আর একাধিক ফোনের প্রয়োজন হবে না। অ্যাপের নিচের অংশে প্রোফাইল ছবি দেখে সহজেই অ্যাকাউন্ট পরিবর্তন করা যাবে।
ভিন্ন অপারেটিং সিস্টেমে চ্যাট স্থানান্তর
অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে এখন সম্পূর্ণ চ্যাট স্থানান্তর করা সম্ভব। এর ফলে ছবি, ভিডিওসহ সব কথোপকথন নতুন ডিভাইসে সহজেই নেওয়া যাবে। আগে এই সুবিধা একই ধরনের অপারেটিং সিস্টেমের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
উন্নত স্টোরেজ ব্যবস্থাপনা
স্টোরেজ ব্যবস্থাপনায় নতুন পরিবর্তনের ফলে নির্দিষ্ট চ্যাট থেকেই বড় ফাইল খুঁজে বের করে মুছে ফেলা যাবে। চ্যাটের নাম নির্বাচন করে ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে গেলে এ সুবিধা পাওয়া যাবে। এতে পুরো চ্যাট মুছতে না গিয়ে শুধু অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল অপসারণ করা সম্ভব হবে।
স্টিকার ব্যবহারে নতুন সুবিধা
ইমোজি টাইপ করার সঙ্গে সঙ্গে প্রাসঙ্গিক স্টিকার দেখানোর ব্যবস্থা যুক্ত হয়েছে। ফলে দ্রুত ও সহজে স্টিকার ব্যবহার করা যাবে, যা কথোপকথনকে আরও প্রাণবন্ত করবে।
এআই দিয়ে ছবি সম্পাদনা
ছবি পাঠানোর আগে এখন চ্যাটের ভেতরেই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ছবি সম্পাদনা করা যাবে। এর মাধ্যমে পটভূমি পরিবর্তন, অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলা বা বিভিন্ন স্টাইল প্রয়োগ করা সম্ভব। তবে এই সুবিধা ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
এআই সহায়তায় বার্তার খসড়া
বার্তা লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা আরও উন্নত করা হয়েছে। কথোপকথনের ধরন বুঝে সম্ভাব্য উত্তর সাজেস্ট করতে পারবে অ্যাপটি। এতে দ্রুত প্রতিক্রিয়া জানানো সহজ হবে। একই সঙ্গে ব্যবহারকারীদের গোপনীয়তা সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এসব সুবিধা হোয়াটসঅ্যাপকে আরও ব্যবহারবান্ধব করে তুলবে এবং তরুণ ব্যবহারকারীদের কাছে অ্যাপটির আকর্ষণ বাড়াবে
সূত্র : টাইমস অব ইন্ডিয়া