ইনস্টাগ্রামে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আনছে মেটা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৩:৩২

ইনস্টাগ্রামে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আনছে মেটা
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম এবার ব্যবহারকারীদের জন্য আনছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন। মেটা পরীক্ষা করছে ‘ইনস্টাগ্রাম প্লাস’ নামে এই সেবা, যা পরীক্ষামূলকভাবে কয়েকটি দেশে চালু হয়েছে। সাবস্ক্রিপশন নেওয়া ব্যবহারকারীরা পাবেন কিছু বিশেষ সুবিধা, যা সাধারণ অ্যাকাউন্টে পাওয়া যাবে না।

প্রিমিয়াম ব্যবহারকারীরা স্টোরি দেখলেও পোস্টদাতাকে তা ধরতে পারবেন না। পাশাপাশি তারা জানতে পারবেন, তার নিজের স্টোরি কতজন একাধিকবার দেখেছে। স্টোরি শেয়ার করার নিয়ন্ত্রণও বাড়ানো হয়েছে। একাধিক অডিয়েন্স তালিকা তৈরি করে নির্দিষ্ট গ্রুপকে স্টোরি দেখানোর সুবিধা থাকবে।

স্টোরির সময়সীমা ২৪ ঘণ্টা থেকে বাড়িয়ে আরও ২৪ ঘণ্টা করা যাবে। এছাড়া সপ্তাহে একবার স্টোরিকে ‘স্পটলাইট’ হিসেবে হাইলাইট করার সুযোগ থাকবে, যা অনুসারীদের স্টোরি তালিকার শুরুতে প্রদর্শিত হবে।

নতুন সাবস্ক্রিপশনে যুক্ত হয়েছে সুপারলাইক অ্যানিমেটেড প্রতিক্রিয়া এবং স্টোরি ভিউয়ার তালিকা থেকে ব্যবহারকারী দ্রুত খুঁজে পাওয়ার ফিচার।

মেটা আনুষ্ঠানিকভাবে পরীক্ষা চলা দেশগুলোর নাম প্রকাশ করেনি। তবে বিভিন্ন সূত্র জানাচ্ছে, মেক্সিকো, জাপান ও ফিলিপাইন-এ এটি চালু হয়েছে। সাবস্ক্রিপশনের খরচ দেশভেদে ভিন্ন; মেক্সিকোতে মাসিক প্রায় ২ ডলার, জাপানে প্রায় একই এবং ফিলিপাইনে কম।

বিশ্লেষকরা মনে করছেন, নতুন এই উদ্যোগ ইনস্টাগ্রামের আয়ের উৎস বাড়াতে পারে। তবে অতিরিক্ত সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের ক্লান্তি বা অনাগ্রহও সৃষ্টি করতে পারে।

মেটা প্রিমিয়াম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি ব্যবসায়িক সম্ভাবনা যাচাই করছে। পরীক্ষার পর এটি কতটা ব্যাপকভাবে চালু হবে, সেটিই দেখার বিষয়।

সূত্র : টেকক্রাঞ্চ ও ইনভেস্টিং ডটকম

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন