এআই খাতে বিনিয়োগের চাপ বাড়ায় কর্মী ছাঁটাই করছে মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় বিনিয়োগ এবং খরচ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আবারও কর্মী ছাঁটাই শুরু করেছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এই সিদ্ধান্ত প্রযুক্তি খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস একাধিক গ্রুপ থেকে কয়েকশ কর্মী ছাঁটাই করেছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
এর আগে মার্চ মাসে রয়টার্স জানায়, মেটা বড় পরিসরের ছাঁটাইয়ের পরিকল্পনা করছে, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর ২০ শতাংশ বা তারও বেশি হতে পারে। শীর্ষ নির্বাহীরা ইতোমধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কর্মী কমানোর প্রস্তুতি নিতে বলেছেন।
তবে সম্প্রতি ছাঁটাই তুলনামূলক ছোট পরিসরে হয়েছে। প্রযুক্তি বিষয়ক মাধ্যম দ্য ইনফরমেশন-এর এক প্রতিবেদনে বলা হয়, এই ছাঁটাইয়ের প্রভাব পড়েছে রিয়েলিটি ল্যাবস বিভাগ, সামাজিক যোগাযোগমাধ্যম সংশ্লিষ্ট দল এবং নিয়োগ কার্যক্রমে যুক্ত কর্মীদের ওপর।
এক বিবৃতিতে মেটার এক মুখপাত্র বলেন, লক্ষ্য অর্জনে দলগুলোকে সর্বোচ্চ কার্যকর রাখতে নিয়মিত পুনর্গঠন করা হয়। যেসব কর্মীর পদে প্রভাব পড়ে, তাদের জন্য বিকল্প সুযোগ খোঁজার চেষ্টা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় বিনিয়োগের কারণে ব্যয় দ্রুত বাড়ছে। ২০২৬ সালে প্রতিষ্ঠানটির মোট ব্যয় ১৬২ বিলিয়ন থেকে ১৬৯ বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষ জনবল নিয়োগে বিপুল অর্থ ব্যয়ও বেড়েছে।
প্রতিষ্ঠানটির বার্ষিক নথি অনুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেটার মোট কর্মীসংখ্যা ছিল প্রায় ৭৯ হাজার।