শিশু-কিশোরদের ডিজিটাল সুরক্ষায় নতুন উদ্যোগ হোয়াটসঅ্যাপের
ডিজিটাল যুগে শিশু-কিশোরদের জীবন যেমন সহজ হয়েছে, তেমনি বেড়েছে অনলাইন ঝুঁকিও। অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ, প্রতারণা কিংবা অনাকাঙ্ক্ষিত কথোপকথন নিয়ে উদ্বেগ এখন অনেক অভিভাবকের নিত্যসঙ্গী। এই বাস্তবতা মাথায় রেখেই শিশুদের অনলাইন অভিজ্ঞতা আরও নিরাপদ করতে নতুন একটি সুবিধা আনতে যাচ্ছে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপসংক্রান্ত তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডব্লিউএ বেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি বর্তমানে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা উন্নয়নের কাজ করছে। এর মাধ্যমে অভিভাবকেরা সন্তানের হোয়াটসঅ্যাপ ব্যবহার সীমিত পরিসরে তদারকি করতে পারবেন। সুবিধাটি চালু হলে শিশুদের জন্য একটি আলাদা সেকেন্ডারি অ্যাকাউন্ট তৈরি করা যাবে, যা অভিভাবকের প্রাথমিক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, এই নতুন ব্যবস্থা প্রথম ধরা পড়ে অ্যান্ড্রয়েডের পরীক্ষামূলক সংস্করণ ২ দশমিক ২৬ দশমিক ১ দশমিক ৩০-এ। তবে এখনো কবে নাগাদ এটি সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।
ডব্লিউএ বেটা ইনফোর তথ্যমতে, সেকেন্ডারি অ্যাকাউন্টগুলো মূলত কম বয়সী ব্যবহারকারীদের জন্য তৈরি করা হচ্ছে। এসব অ্যাকাউন্টে শুরু থেকেই কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকবে। বিশেষ একটি সংযোগ প্রক্রিয়ার মাধ্যমে সেকেন্ডারি অ্যাকাউন্টটি অভিভাবকের প্রাথমিক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে। এতে অভিভাবক ও সন্তানের অ্যাকাউন্টের মধ্যে স্পষ্ট সম্পর্ক তৈরি হবে।
নিরাপত্তার অংশ হিসেবে শিশুদের অ্যাকাউন্ট থেকে কেবল সংরক্ষিত নম্বরের ব্যক্তিদেরই বার্তা পাঠানো ও কল করার সুযোগ থাকবে। একইভাবে, শুধু পরিচিত ব্যক্তিরাই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এতে অজানা বা সন্দেহজনক ব্যক্তির সঙ্গে যোগাযোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে।
এ ছাড়া অভিভাবকেরা সন্তানের অ্যাকাউন্টের কিছু সাধারণ তথ্য ও কার্যক্রমসংক্রান্ত হালনাগাদ জানতে পারবেন। তবে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে কোনো অবস্থাতেই বার্তার বিষয়বস্তু দেখা যাবে না। চ্যাট ও কলের তথ্য থাকবে সম্পূর্ণ ব্যক্তিগত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে বর্তমানে ব্যবহৃত এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি এই নতুন ব্যবস্থার ক্ষেত্রেও অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, শিশুদের আদান-প্রদান করা বার্তা ও কল আগের মতোই নিরাপদ ও সুরক্ষিত থাকবে। শেয়ার করা তথ্য সীমিত থাকবে অ্যাকাউন্টের সাধারণ কার্যক্রম বা গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তনের মধ্যেই।
বিশেষজ্ঞদের মতে, এই প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু হলে অভিভাবকেরা সন্তানের জন্য বয়স উপযোগী সীমা নির্ধারণ করতে পারবেন। একই সঙ্গে শিশু-কিশোররাও আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ পাবে। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার পথে এটি হোয়াটসঅ্যাপের একটি সময়োপযোগী উদ্যোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র : স্টোরিবন্ড ১৮