হোয়াটসঅ্যাপের নতুন ঝুঁকিতে নিরাপদ থাকার উপায়

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১

হোয়াটসঅ্যাপের নতুন ঝুঁকিতে নিরাপদ থাকার উপায়
ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে জনপ্রিয় বার্তাবিনিময় মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা এসেছে। একটি নির্দিষ্ট সুবিধা চালু থাকলে ব্যবহারকারীর অজান্তেই ফোনে ঢুকে পড়তে পারে ক্ষতিকর ফাইল। এতে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখনই কয়েকটি সেটিং বদলালে সহজেই এই ঝুঁকি এড়ানো সম্ভব।

হোয়াটসঅ্যাপের একটি নিরাপত্তা ত্রুটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা গবেষকেরা এমন একটি দুর্বলতা শনাক্ত করেছেন, যার মাধ্যমে সাইবার অপরাধীরা সরাসরি পাঠানো ফাইল ব্যবহার করে ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশের সুযোগ পেতে পারে।

গুগলের ‘প্রজেক্ট জিরো’ গবেষণা দল প্রথম এই ত্রুটি শনাক্ত করে। তাদের মতে, সমস্যাটি মূলত স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধার সঙ্গে যুক্ত। এই সুবিধা চালু থাকলে ছবি, ভিডিও বা নথি ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ফোনে সংরক্ষিত হয়। ফলে ক্ষতিকর ফাইলও অজান্তেই ডিভাইসে ঢুকে যেতে পারে।

সাইবার অপরাধীরা ভুয়া গ্রুপ চ্যাট তৈরি করে ব্যবহারকারীদের আমন্ত্রণ জানাচ্ছে। কেউ সেই আমন্ত্রণ গ্রহণ করলেই ক্ষতিকর ফাইল স্বয়ংক্রিয়ভাবে ফোনে জমা হতে পারে। অনেক সময় ব্যবহারকারী বুঝতেই পারেন না যে কোনো ফাইল ডাউনলোড হয়েছে। এতে ব্যক্তিগত তথ্য ও ডিভাইস নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।

কতজন ব্যবহারকারী ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত নয়। তবে প্রতিদিন কোটি কোটি মানুষ এই সেবা ব্যবহার করায় বিষয়টি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ত্রুটির তথ্য সামনে আসার পর হোয়াটসঅ্যাপ দ্রুত একটি হালনাগাদ সংস্করণ প্রকাশ করেছে। তবুও বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের নিজ উদ্যোগে সেটিং পরিবর্তন করাই সবচেয়ে নিরাপদ।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটসের পরামর্শ, স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধা বন্ধ রাখতে হবে। চাইলে উন্নত গোপনীয়তা মোড চালু করা যেতে পারে। এতে কোনো মিডিয়া ফাইল নিজে থেকে ফোনে জমা হবে না। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ খুলে ওপরের ডানদিকে থাকা তিন বিন্দুর মেনুতে গিয়ে সেটিং নির্বাচন করবেন। এরপর স্টোরেজ অ্যান্ড ডেটা অংশে মিডিয়া অটো-ডাউনলোড অপশন দেখা যাবে। মোবাইল ডেটা, ওয়াইফাই এবং রোমিং তিন ক্ষেত্রেই ছবি, অডিও, ভিডিও ও ডকুমেন্ট অপশন বন্ধ করতে হবে।

এ ছাড়া কে আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবে সেটিও সীমিত রাখা জরুরি। সেটিং থেকে প্রাইভেসি এবং তারপর গ্রুপে গিয়ে অপশনটি এভরিওয়ান থেকে মাই কন্টাক্টস বা মাই কন্টাক্টস এক্সসেপ্টে পরিবর্তন করলে অপরিচিত নম্বরের ঝুঁকি কমবে।

যারা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাদের জন্য গ্রুপে যুক্ত হওয়ার অনুমতি শুধুমাত্র পরিচিত ও অনুমোদিত ব্যক্তিদের মধ্যে সীমিত রাখাই সবচেয়ে নিরাপদ।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন