মেটার স্মার্ট চশমায় গোপনে ফিরছে ‘ফেস রিকগনিশন’ প্রযুক্তি
প্রযুক্তি দুনিয়ায় ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন বিতর্কের ঝড় তৈরি করতে যাচ্ছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের স্মার্ট চশমায় একটি বিশেষ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে। এর মাধ্যমে সামনে থাকা যেকোনো মানুষকে মুহূর্তে চিনে ফেলা সম্ভব হবে। প্রযুক্তিটি চালু হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। সাধারণ মানুষের অজান্তে স্পর্শকাতর এই ফিচারটি ফিরিয়ে আনার একটি গোপন পরিকল্পনা সম্প্রতি ফাঁস হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস-এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা এই ফিচারটি কৌশলী সময়ে বাজারে আনতে চায়। বিশ্বজুড়ে বড় কোনো রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা চলার সময় এটি চালু করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাপক সমালোচনা এড়াতেই মেটা এই কৌশল নিচ্ছে।
মেটার নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘নেম ট্যাগ’। এই প্রযুক্তি ব্যবহার করে চশমা পরিহিত ব্যক্তি সামনের মানুষকে শনাক্ত করতে পারবেন। শুরুতে এটি শুধুমাত্র দৃষ্টিহীনদের সহায়তার জন্য তৈরি হওয়ার পরিকল্পনা ছিল। এখন মেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি বড় পরিসরে উন্মুক্ত করার চিন্তা করছে। এর মাধ্যমে ব্যবহারকারী তার ফেসবুক বা ইনস্টাগ্রাম বন্ধুদের চিনে নিতে পারবেন। যাদের প্রোফাইল পাবলিক বা সবার জন্য উন্মুক্ত, তাদের পরিচয়ও আর গোপন থাকবে না।
২০১৭ সালে মেটা ফেসবুকে ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার শুরু করেছিল। তবে তা ব্যাপক সমালোচনার মুখে ২০২১ সালে বন্ধ করতে হয়েছে। সম্প্রতি মেটার গোপনীয়তা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সবসময় সচল রাখা যাবে। এটি ব্যবহারকারীর অজান্তে দৈনন্দিন কর্মকাণ্ডের ওপর নজর রাখতে সক্ষম।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সম্প্রতি এই স্মার্ট চশমা ব্যবহার করে মানুষের ঠিকানা এবং ফোন নম্বর বের করেছেন। এটি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।
মেটার মুখপাত্র এরিন লোগান জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে এখনো ভাবছেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কার্যকর হলে ব্যক্তিগত জীবন গভীর হুমকির মুখে পড়বে।
সূত্র : দ্য ভার্জ