এআই খাতে অবস্থান ধরে রাখতে ওপেনএআইয়ের নতুন কৌশল
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা এখন আগের যেকোনো সময়ের তুলনায় তীব্র। একদিকে দ্রুত এগিয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বীরা, অন্যদিকে ব্যবসার মডেল ও জনমনে গ্রহণযোগ্যতা নিয়ে বাড়ছে প্রশ্ন। এই চাপের মধ্যেই নতুন কৌশল নিতে বাধ্য হচ্ছে ওপেনএআই।
সম্প্রতি প্রযুক্তি বিশ্লেষণমূলক আলোচনা হয়েছে টেকক্রাঞ্চ-এর ‘ইকুইটি’ পডকাস্টে। সেখানে অংশ নেন অ্যান্থনি হা, কির্স্টেন কোরোসেক এবং সেন ও’কেন। তারা ওপেনএআইয়ের সাম্প্রতিক অধিগ্রহণ ও বাজার অবস্থান নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেন।
ওপেনএআই সম্প্রতি ব্যক্তিগত অর্থব্যবস্থাভিত্তিক স্টার্টআপ ‘হিরো’ অধিগ্রহণ করেছে। এর আগে যুক্ত করেছে নতুন মিডিয়া প্ল্যাটফর্ম ‘টিবিপিএন’। আকারে ছোট হলেও এই দুই পদক্ষেপকে ঘিরে বড় কৌশলগত ইঙ্গিত দেখছেন বিশ্লেষকেরা।
তাদের মতে, এসব অধিগ্রহণ মূলত দক্ষ জনবল আনার উদ্যোগ হলেও এর ভেতরে রয়েছে নতুন ধরনের পণ্য তৈরির পরিকল্পনা। চ্যাটজিপিটি ও জিপিটি মডেলকে শুধু কথোপকথনের সীমায় না রেখে আরও বিস্তৃত ব্যবহারের দিকে নিতে চাইছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ওপেনএআইয়ের সবচেয়ে পরিচিত পণ্য চ্যাটজিপিটি হলেও এর দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থিতি নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিপুল ব্যয় ও বিনিয়োগের ওপর নির্ভরতা প্রতিষ্ঠানটির জন্য বড় চাপ তৈরি করছে।
এই প্রেক্ষাপটে হিরো টিম যুক্ত হওয়াকে দেখা হচ্ছে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে। এমন পণ্য তৈরির ইঙ্গিত মিলছে, যা শুধু চ্যাটবট নয়, বরং ব্যবহারকারীর দৈনন্দিন প্রয়োজনের আরও কাছাকাছি পৌঁছাতে পারে।
অন্যদিকে টিবিপিএন অধিগ্রহণকে অনেকে দেখছেন জনমত ও ভাবমূর্তি ব্যবস্থাপনার অংশ হিসেবে। তবে বড় করপোরেট কাঠামোর মধ্যে সম্পাদকীয় স্বাধীনতা কতটা কার্যকর থাকবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
এআই বাজারে ওপেনএআইয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্রুত উঠে এসেছে অ্যানথ্রপিক। বিশেষ করে এন্টারপ্রাইজ ও কোডিংভিত্তিক এআই টুলের বাজারে তাদের অগ্রগতি ওপেনএআইয়ের জন্য নতুন চাপ তৈরি করেছে।
ভবিষ্যতের সবচেয়ে বড় আয়ের ক্ষেত্রও এই এন্টারপ্রাইজ বাজার। ফলে সেখানে অবস্থান শক্ত করা এখন ওপেনএআইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
সব মিলিয়ে প্রতিষ্ঠানটি এখন দ্বিমুখী চ্যালেঞ্জের মুখে। একদিকে টেকসই আয়ের পথ তৈরি, অন্যদিকে প্রতিযোগিতামূলক বাজারে অবস্থান ধরে রাখা। সাম্প্রতিক অধিগ্রহণগুলো সেই লক্ষ্যেই নেওয়া পরীক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ একক কোনো প্রতিষ্ঠানের হাতে থাকবে না। তবে এই প্রতিযোগিতামূলক দৌড়ে টিকে থাকতে হলে ওপেনএআইকে আরও গভীর ও বাস্তবভিত্তিক কৌশল নিতে হবে।
সূত্র : টেকক্রাঞ্চ