রাশিয়ায় হোয়াটসঅ্যাপ বন্ধের চেষ্টা
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অভিযোগ করেছে, রাশিয়া তাদের সেবা বন্ধ করার চেষ্টা করছে। মেটা জানিয়েছে, তারা মানুষের নিরাপদ ও ব্যক্তিগত যোগাযোগের অধিকার রক্ষায় অটল থাকবে।
রাশিয়ার অভিযোগ, বিদেশি মালিকানাধীন মেসেজিং অ্যাপগুলো জালিয়াতি ও সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলায় আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে ব্যর্থ হচ্ছে। এ কারণে দেশটি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম-এর কিছু কল সীমিত করা শুরু করেছে।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ ব্যক্তিগত, ‘এন্ড-টু-এন্ড’ এনক্রিপটেড। সরকারের অবৈধ নজরদারির প্রচেষ্টা আমরা মানি না। এই কারণেই রাশিয়া ১০ কোটিরও বেশি ব্যবহারকারীর কাছে অ্যাপটি বন্ধ করতে চাইছে।”
প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা বিশ্বজুড়ে মানুষের জন্য এনক্রিপটেড যোগাযোগের সুযোগ ধরে রাখতে কাজ চালিয়ে যাবে।
এই পদক্ষেপকে অনেকেই রাশিয়ার অনলাইন স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় নতুন এক চাপ হিসেবে দেখছেন।