টাইপ করার সময় হোয়াটসঅ্যাপ দেখাবে স্টিকার সাজেশন

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:০৫

টাইপ করার সময় হোয়াটসঅ্যাপ দেখাবে স্টিকার সাজেশন
ছবি : হিন্দুস্তান টাইমস

মেসেজিং অভিজ্ঞতা আরও মজার করতে শীঘ্রই হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বার্তা লিখতে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে স্টিকার সাজেশন পাবেন। ফলে চ্যাট করার সময় স্টিকার খুঁজে বের করার ঝামেলা থাকবে না

তরুণ প্রজন্মের চ্যাটের ধরন বদলে দিতে পারে এই নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ ইতোমধ্যে সীমিত পরিসরে আইওএস ব্যবহারকারীদের জন্য বেটা সংস্করণে এটি পরীক্ষা করছে। এর আগে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও একই ফিচারের পরীক্ষা দেখা গিয়েছিল। এখন দেখা যাচ্ছে, এটি খুব শীঘ্রই সবাই ব্যবহার করতে পারবে।

ফিচারটি ব্যবহারকারীদের বার্তা টাইপ করার সময় সরাসরি স্টিকার সাজেশন দেখাবে। ব্যবহারকারী যদি কোনো ইমোজি ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ সঙ্গে সঙ্গে সেই ইমোজির সঙ্গে মানানসই স্টিকার খুঁজে বের করবে। স্টিকার পাওয়া গেলে তা লেখা বারের পাশে প্রদর্শিত হবে। একবার ট্যাপ করলেই স্টিকার পাঠানো সম্ভব হবে।

এই প্রক্রিয়ার ফলে স্টিকার পাঠানোর ধাপ কমে যাবে। ফলে চ্যাট করা আরও দ্রুত এবং মসৃণ হবে। যারা স্টিকারের মাধ্যমে অনুভূতি বা প্রতিক্রিয়া জানান, তাদের জন্য এটি বিশেষভাবে সুবিধাজনক। স্টিকার সাজেশন লেখা বারের পাশে থাকায় বার্তা লিখতে গিয়ে সংলাপের গতি থামবে না।

বিশ্লেষকদের মতে, এই ফিচারটি স্ন্যাপচ্যাটের মতো জনপ্রিয় চ্যাট অ্যাপের স্টাইলের সঙ্গে অনেকটা মিল রাখে। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সরাসরি বার্তা টাইপ করার সময় স্টিকার পাঠাতে পারবে। ফলে প্রতিক্রিয়া জানানো অনেক সহজ হয়ে যাবে।

ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক, তবে খুব শীঘ্রই এটি সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে। যারা স্টিকার ব্যবহার করে দ্রুত চ্যাট করতে চান, তাদের জন্য এটি সময় বাঁচানোর একটি গুরুত্বপূর্ণ সুবিধা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন