আইপি প্রোটেক্ট সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ
অনলাইনে কথা বলার সময় ব্যক্তিগত তথ্য সুরক্ষা এখন বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে ভয়েস ও ভিডিও কলের ক্ষেত্রে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত হওয়ার ঝুঁকি থাকে। সেই ঝুঁকি কমাতে নতুন একটি গোপনীয়তা ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার ব্যবহার করলে কলের সময় আইপি ঠিকানা গোপন রাখা যাবে।
হোয়াটসঅ্যাপ সম্প্রতি ‘আইপি প্রোটেক্ট’ নামে একটি নতুন গোপনীয়তা ফিচার চালু করেছে। এই ফিচার সক্রিয় থাকলে হোয়াটসঅ্যাপে কলের অন্য ব্যবহারকারীরা আপনার আইপি ঠিকানা দেখতে পারবে না। ফলে আপনার অবস্থান ট্র্যাক করা আরও কঠিন হয়ে যাবে।
প্রতিষ্ঠানটি জানায়, ফিচার চালু থাকলে কল সরাসরি দুই ডিভাইসের মধ্যে সংযুক্ত না হয়ে হোয়াটসঅ্যাপ সার্ভারের মাধ্যমে সম্পন্ন হবে। এতে কলের নিরাপত্তা বাড়বে এবং ব্যবহারকারীর গোপনীয়তা আরও সুরক্ষিত থাকবে।
বর্তমানে আইপি প্রোটেক্ট ফিচার সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। শিগগিরই ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
ফিচার ব্যবহারের কয়েকটি সুবিধা রয়েছে। এতে কলের সময় আইপি ঠিকানা গোপন থাকবে। অন্য কেউ আপনার অবস্থান ট্র্যাক করতে পারবে না। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে অতিরিক্ত নিরাপত্তার একটি স্তর যুক্ত হবে।
যারা আরও বেশি গোপনীয়তা চান, তারা সহজেই এই ফিচারটি চালু করতে পারবেন।
আইপি প্রোটেক্ট ফিচার চালু করতে যা করতে হবে
- ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।
- উপরের ডান পাশে থাকা তিনটি ডট চিহ্নে চাপ দিন।
- সেটিংস অপশনটি খুলুন।
- প্রাইভেসি অপশনে যান।
- স্ক্রল করে অ্যাডভান্সড অংশে যান।
- প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস অপশনটি অন করুন।
ফিচার চালু থাকলে কলের মান কিছুটা কমতে পারে। কারণ কল সরাসরি না হয়ে হোয়াটসঅ্যাপ সার্ভারের মাধ্যমে সম্পন্ন হবে। তবে বাড়তি গোপনীয়তা ও নিরাপত্তার জন্য এটি কার্যকর সুবিধা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া